কপ৩১ সম্মেলন শুরু
প্রতিশ্রুতি নয়, জলবায়ু অর্থায়নের বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত পুরো বিশ্ব। বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল, খরা ও তাপপ্রবাহের মতো দুর্যোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের অঙ্গীকারগুলোর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রতিশ্রুত অর্থ ও প্রযুক্তিগত সহায়তা কতটা পাচ্ছে, তা নিয়ে বাড়ছে অসন্তোষ।
এ বাস্তবতায় তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় গত সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু অর্থায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবারের সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এবারের সম্মেলন জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা আদায়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ।
বিশ্লেষকদের ভাষ্য, বিশ্ব একদিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা করছে, অন্যদিকে যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক সহযোগিতাকে কঠিন করে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা। ফলে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রয়োজনীয়তা বাড়লেও অর্থায়ন ও বাস্তবায়নের চ্যালেঞ্জও বাড়ছে।
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ সম্মেলনে ঐতিহাসিক জলবায়ু চুক্তি গৃহীত হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টা চালানো। কিন্তু এক দশক পেরিয়ে গেলেও এ লক্ষ্য অর্জনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনা, নিঃসরণ কমানোর অঙ্গীকার ও অভিযোজন কর্মসূচি থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, অপর্যাপ্ত বিনিয়োগ এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৬ সালের এমিশন গ্যাপ রিপোর্টেও বৈশ্বিক নিঃসরণ কমাতে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বর্তমান নীতির ধারাবাহিকতা বজায় থাকলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যের অনেক ওপরে থাকার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কপ৩১-এর অন্যতম লক্ষ্য প্যারিস চুক্তির অধীনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা।
এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলো। অথচ উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার থাকলেও বাস্তবে প্রয়োজনীয় অর্থের প্রবাহ নিশ্চিত হয়নি।
২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থায়ন বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার বৃহত্তর প্রচেষ্টার কথাও বলা হয়। তবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের তুলনায় এ প্রতিশ্রুতি এখনো অপর্যাপ্ত। বিশেষ করে অভিযোজন খাতে অর্থায়নের ঘাটতি প্রকট।
জাতিসংঘের ২০২৬ সালের অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে বছরে কয়েক শ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও আন্তর্জাতিক সরকারি অর্থায়ন তার তুলনায় অনেক কম। ফলে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিজেদের সীমিত বাজেট থেকেই দুর্যোগ মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু অর্থায়নের বড় অংশ ঋণ হিসেবে এলে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়বে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য এসব দেশের দায় তুলনামূলকভাবে কম। তাই অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে সামান্য হলেও ভৌগোলিক অবস্থান, ঘনবসতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এখানে ব্যাপক। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, তাপপ্রবাহ, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে।
এ বাস্তবতায় কপ৩১-এ বাংলাদেশের প্রধান দাবি পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ বাড়ানো, ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকারিতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে ঢাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের মানুষের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবে বাংলাদেশ।
বাংলাদেশের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নিঃসরণ হ্রাস, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি ও ন্যায্য জ্বালানি রূপান্তর। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, জীবিকা হারানো ও সাংস্কৃতিক ক্ষতির মতো অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অর্থায়নের দাবি জানাবে ঢাকা।
তুরস্ক সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।
জাতিসংঘের প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ নভেম্বর আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দুই দিনব্যাপী এ অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা নিজ নিজ দেশের জলবায়ু পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি), জি-৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক জুট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা, জলবায়ু উদ্যোগ এবং পাটের পরিবেশবান্ধব সম্ভাবনা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।
এদিকে যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে কিছু দেশ আবার কয়লার ব্যবহার বাড়ানোর দিকে ঝুঁকছে।
অন্যদিকে এআই প্রযুক্তির বিস্তারে ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অবকাঠামোতে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর বিষয়টি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিয়েও আলোচনা হচ্ছে। পাশাপাশি মিথেন নিঃসরণ কমানো এবং ভবন খাতে জ্বালানি দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে বিদ্যুতের ব্যবহার বাড়লেই জলবায়ু সুরক্ষা নিশ্চিত হবে না। সেই বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণ, আধুনিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা এবং জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর সম্ভব নয়।
বাংলাদেশের জলবায়ু সংকটের সবচেয়ে নির্মম চিত্র দেখা যায় নদীভাঙনপ্রবণ চরাঞ্চল ও উপকূলীয় জনপদে। নদীভাঙনে বসতভিটা হারানো, ঘূর্ণিঝড়ে জীবিকা ধ্বংস, সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা এবং অনিয়মিত বৃষ্টিপাত মানুষের জীবনকে অনিশ্চিত করে তুলছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ কারা পাচ্ছে, কীভাবে ব্যবহার হচ্ছে এবং এর সুফল কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু অর্থ বরাদ্দের ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। প্রয়োজন সহজ অর্থপ্রাপ্তি, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা এবং প্রযুক্তিগত সক্ষমতার অভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় প্রতিবন্ধকতা। বিশেষ করে ক্ষুদ্র কৃষক, উপকূলীয় জনগোষ্ঠী, নারী ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের কাছে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সব মিলিয়ে কপ৩১-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবতার মধ্যকার ব্যবধান কমানো। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, মিথেনসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে দৃশ্যমান অগ্রগতি না এলে সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক জলবায়ু রাজনীতিতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দায়বদ্ধতা ও অর্থায়ন নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে আন্তালিয়ায় সমঝোতা তৈরি সহজ হবে না। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার পথ, অর্থায়নের উৎস এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাদেশের জন্য এবারের সম্মেলন শুধু কূটনৈতিক উপস্থিতি জানান দেওয়ার বিষয় নয়; বরং জলবায়ু ঝুঁকিতে থাকা কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা আদায়ের সুযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অভিযোজন অর্থায়ন, অনুদানভিত্তিক সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও ক্ষয়ক্ষতি তহবিলের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারলে দেশের জলবায়ু মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পথ সুগম হবে।




