এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কে কতদিন

বঙ্গভবন
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং ২০তম ব্যক্তি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার আগে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৯ জন ব্যক্তি বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে পূর্ণ মেয়াদের রাষ্ট্রপতির পাশাপাশি ছিলেন অস্থায়ী, ভারপ্রাপ্ত ও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতিও। কেউ ছিলেন কয়েক মাস, আবার কেউ টানা একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি পদে থাকা ব্যক্তিদের দায়িত্ব পালনের সময়কাল তুলে ধরা হলো—
শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু হলে তিনি আবার রাষ্ট্রপতি হন। ওই বছরের ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান প্রথম ও পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সৈয়দ নজরুল ইসলাম
শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি থাকায় মুক্তিযুদ্ধের সময় তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম প্রধান নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।





