তৈরি পোশাকশ্রমিকদের চার গ্রেডে নতুন মজুরি ঘোষণা

সংগৃহীত ছবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিতে নির্ধারিত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটে।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মাত্র ২০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে বোর্ড।
চেয়ারম্যান বলেন, ‘মজুরি বোর্ডের ইতিহাসে স্বল্পতম সময়ের ব্যবধানে যেকোনো শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। পরম করুণাময়ের অপার রহমতে, আপনাদের দোয়া এবং অফুরন্ত ভালোবাসা ও সমর্থনে আমরা সেটি অর্জন করতে পেরেছি।’
তিনি জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিদ্যমান চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি বোর্ডের সব সদস্য সর্বসম্মতিক্রমে নির্ধারণ করেছেন। গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড ৪-এর মজুরি নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১২৯-এর উপবিধি ২ অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা মজুরি নির্ধারণের পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে গ্রেড ৪-এর মাসিক সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১২৯-এর উপবিধি ১ অনুযায়ী বোর্ডের চতুর্থ সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




