গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তুলে দেন ইইউ রাষ্ট্রদূত
২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং মূল বক্তব্য প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। আশা করা হচ্ছে, ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের অধীনে টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস। তার পাঠানো চিঠিটিও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ইইউ রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিস্তৃত পরিসর পর্যালোচনা করেন এবং ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, সেইসাথে আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন তারা।
প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চ-পর্যায়ের বৈঠকসমূহ, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলির পাশাপাশি জাতিসংঘ এবং রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয় নিয়েও মতবিনিময় করেছেন তারা।




