১২১ কারখানা বন্ধ
আজ মজুরির প্রস্তাব মালিকপক্ষের
- ১৫-১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব অধিকাংশ মালিকের
- শ্রমিকপক্ষ প্রস্তাব দিয়েছিল সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির
- পরিস্থিতির আলোকে কারখানা বন্ধের সিদ্ধান্ত

সংগৃহীত ছবি
শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ অনেকটাই কমে আসায় বন্ধ থাকা শতাধিক তৈরি পোশাক কারখানা আবার চালু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আজ সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় অংশ নিয়ে মালিকপক্ষের প্রতিনিধি তাদের আনুষ্ঠানিক মজুরি প্রস্তাবনা জমা দেবেন। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়, যার শেষ দিন আজ সোমবার। বোর্ডের সচিব রাইসা আফরোজ জানিয়েছেন, নির্ধারিত সময়েই বৈঠক আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব এবং বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিনও আজকের মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
মজুরি বোর্ডে নিজেদের চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়ার আগে করণীয় ঠিক করতে গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি ভবনে পোশাক কারখানার মালিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখার সময় বৈঠক চলছিল।
বিজিএমইএর এক পরিচালক জানিয়েছেন, নতুন মজুরির বিষয়ে কয়েক দিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের কারখানার উদ্যোক্তাদের মতামত সংগ্রহ করা হয়েছে। পরিচালকরা একেকজন ১০-২০ জন উদ্যোক্তার সঙ্গে কথা বলে যে মতামত পেয়েছেন, তা চূড়ান্ত করতেই বিজিএমইএর জ্যেষ্ঠ পরিচালক ও সাবেক নেতারা এই বৈঠকে বসেছেন। রাতের এই বৈঠকেই প্রস্তাবটি চূড়ান্ত করে মজুরি বোর্ডকে জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক জানিয়েছেন, বর্তমান মূল্যস্ফীতি এবং রপ্তানি আদেশের (অর্ডার) পরিস্থিতি বিবেচনায় বেশিরভাগ উদ্যোক্তা নতুন ন্যূনতম মজুরি সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মত দিয়েছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং মালিক-শ্রমিকনেতাদের সমন্বিত উদ্যোগে গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে এবং বন্ধ থাকা শতাধিক কারখানা খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজিএমইএ সূত্র জানিয়েছে, শ্রমিক অসন্তোষের জেরে গতকাল ৫৬টি কারখানা স্বাভাবিক বন্ধ (সাধারণ ছুটি) ঘোষণা করা হয়। একই সঙ্গে ‘নো ওয়ার্ক নো পে’ (কাজ নেই তো মজুরি নেই) ঘোষণায় ৬৫টি কারখানা বন্ধ ছিল।
এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গতকাল গাজীপুর ও আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় শ্রম আইনের ১৩(১) ধারায় গাজীপুরের ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং পাঁচটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ কারখানাগুলোর মধ্যে কালিয়াকৈরের ইকোটেক্স, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং, মোয়াজউদ্দিন টেক্সটাইল ও ফার ইস্ট নিটিং উল্লেখযোগ্য। গতকাল সকালে কোনাবাড়ী ও মৌচাক এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সাভারের আশুলিয়ায় পাঁচটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এআর জিন্স, নিউ এজ ও কন্টিনেন্টালসহ প্রায় ৪০-৫০টি কারখানায় ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বিজিবি, পুলিশ ও আনসারের কঠোর নজরদারিতে নারায়ণগঞ্জের ফতুল্লা, বিসিক ও ইপিজেড এলাকার প্রায় ৪৫০টি কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে।
চলমান শ্রম অসন্তোষ ও শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে শ্রমিকনেতারাও তাদের অবস্থান পরিষ্কার করেছেন। বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন আগামীর সময়কে বলেছেন, ‘আমরা যারা ইউনিয়ন লিডার আছি, তারা শিল্পের স্বার্থে কাজ করছি। তিন হাজারের বেশি কারখানার মধ্যে এ মুহূর্তে সর্বোচ্চ ১০০টিতে সক্রিয় শ্রমিক ইউনিয়ন থাকতে পারে, বাকিগুলো অসংগঠিত রয়েছে। ফলে এই অসংগঠিত শ্রমিকদের শিল্পের বিরুদ্ধে ব্যবহার করা সহজ হয় এবং কিছু দুষ্কৃতকারী এ সুযোগ নিচ্ছে।’
বোর্ডের প্রক্রিয়ার ওপর আস্থা রাখার কথা জানিয়ে তিনি আরও বললেন, ‘আমরা মজুরি বোর্ডে আমাদের প্রস্তাব দিয়েছি, মালিকরাও সোমবার (আজ) তাদের প্রস্তাব দেবেন। সেখানে আলোচনা হবে। চূড়ান্ত ঘোষণার পর যদি মনে হয় ন্যূনতম মজুরি জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি, তখন আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করতে পারি। কিন্তু চলমান শ্রম অসন্তোষ কোনোভাবেই কাম্য নয়।’
অন্যদিকে, শিল্পাঞ্চলে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ও উসকানির অভিযোগ তুলেছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আরেক নেতা অরবিন্দু বেপারী বিন্দু। আগামীর সময়কে তিনি বললেন, ‘সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানায় পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে গাজীপুরের চন্দ্রায় কয়েকটি কারখানার শ্রমিকরা কার্ড পাঞ্চ করে বের হয়ে বিশৃঙ্খলা করেছেন। এখানে মূলত তৃতীয়পক্ষ অনুপ্রবেশ করে অসন্তোষ সৃষ্টি করছে। সরকারের উচিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।’
শ্রমিক সংগঠনগুলোর দায়িত্ব পালন নিয়ে মালিকদের অভিযোগের জবাবে অরবিন্দু বেপারী বললেন, ‘শ্রমিক সংগঠনগুলো আন্তরিকভাবে কাজ করছে। তবে গুটিকয়েক শ্রমিক সংগঠনের রাজনৈতিক-সংশ্লিষ্টতা থাকতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার বেশ কয়েকজন মালিকের বিরুদ্ধেও অভিযোগ এসেছে যে, তারা মাঠে থেকে শ্রমিকদের উসকানি দিচ্ছেন। ফলে শুধু শ্রমিক সংগঠনের বিরুদ্ধে কথা বললে হবে না, এসব মালিকের বিরুদ্ধেও বিজিএমইএ এবং বিকেএমইএকে পদক্ষেপ নিতে হবে।’ চলতি বছর শ্রম আইন সংশোধন করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৮ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। সে অনুযায়ী বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।
সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিলে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড পুনর্গঠন করে। পরে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের ঘোষণা দিলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। আজ মালিকপক্ষের প্রস্তাব আসার পর নতুন বেতনকাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



