বিজিবির অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সংগৃহীত ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা, ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী এবং ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি।
এ ছাড়া ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল ফোন, ৭ হাজার ৮৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪ হাজার ১১১ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড এবং ১১ হাজার ৭৫৮টি চশমা জব্দ করা হয়।
এতে আরও বলা হয়েছে, জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৩২ প্যাকেট চকলেট, ৭ হাজার ৬৩৭ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ির পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল এবং ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল। এ ছাড়া ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টি/বেলে পাথরও জব্দ করা হয়েছে।
চোরাচালানে ব্যবহৃত ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌকাও জব্দ করেছে বিজিবি।
এ সময় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ।
আগস্টে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার এবং ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা।
এ ছাড়া ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।






