বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, সামরিক কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময় নিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফার বিন আবিয়াহ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি এবং কোর্স বিনিময় জোরদারের বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং সৌদি আরবের বিভিন্ন শীর্ষ সামরিক একাডেমির মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদও ব্যক্ত করা হয়।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও সামগ্রিক সক্ষমতার প্রশংসা করেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।







