বাংলাদেশ-কানাডার পরামর্শ সভা
এলডিসি থেকে উত্তোরণে বাংলাদেশকে সহযোগিতা করবে কানাডা

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভা সম্পন্ন করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ। এতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলে আসা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ।
সভায় দ্বিপাক্ষিক বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়েছে উভয় পক্ষ। ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়ে গেছে বলে জানানো হয় সভায়। এতে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের মতো খাতে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ যেন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ ও টেকসইভাবে উত্তরণ ঘটাতে পারে, সেজন্য কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ। এর অংশ হিসেবে, ২০৩২ সাল পর্যন্ত বিশেষ বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশি পণ্যগুলোর জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে কানাডা। এছাড়া, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ জোরদারে গুরুত্বারোপ করেছে দুই দেশ।
পরামর্শ সভায় অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষই জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেছে। এছাড়া, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসই উপায়ে মিয়ানমারে ফিরে যেতে পারে, সেই পরিবেশ তৈরির লক্ষ্যে তারা একে অপরের সাথে এবং অন্যান্য অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উভয় পক্ষই ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় এই সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরেছে।



