গ্লোবাল কার্বন বাজেট
১০ বছরে দেশে কার্বন নিঃসরণ বেড়েছে ৫০ শতাংশ

ফাইল ছবি
গত ১০ বছরে দেশে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে দেশে এ ধরনের নিঃসরণ ছিল ৭ কোটি ৭০ লাখ টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৫৯ লাখ টনে।
অন্যদিকে, ২০২৬ সালে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ শূন্য দশমিক ৪ শতাংশ কমতে পারে। সৌর ও বায়ুবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের পাশাপাশি ইরান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন গবেষকেরা। তবে এই হ্রাসকে স্থায়ী কোনো পরিবর্তনের ইঙ্গিত মনে করছেন না তারা।
আজ মঙ্গলবার প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল কার্বন বাজেট প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
বিশ্বের ১৪০টির বেশি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের অংশগ্রহণে তৈরি এই প্রতিবেদনে বিভিন্ন দেশের কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হতে পারে ৩৮২০ কোটি টন। গত বছরের তুলনায় এটি শূন্য দশমিক ৪ শতাংশ কম। তবে বন উজাড়সহ ভূমি ব্যবহারের পরিবর্তনজনিত নিঃসরণ যোগ করলে চলতি বছর বিশ্বে মোট কার্বন নিঃসরণ দাঁড়াতে পারে ৪৩৩০ কোটি টনে। ২০২৫ সালে এই পরিমাণ ছিল ৪২৮০ কোটি টন।
গবেষকরা বলছেন, বিশ্বে জ্বালানির চাহিদা বাড়ছে। তবে এই বাড়তি চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ পূরণ হচ্ছে সৌর, বায়ুবিদ্যুৎ এবং বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে। তারপরও পরিচ্ছন্ন জ্বালানির সম্প্রসারণ এখনো যথেষ্ট নয়। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণে স্থায়ীভাবে কমার প্রবণতা তৈরি হয়নি।
গবেষণাটির প্রধান ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের গ্লোবাল কার্বন বাজেট অফিসের পরিচালক অধ্যাপক পিয়েরে ফ্রিডলিংস্টাইন।
তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমার বিষয়টি আশাব্যঞ্জক। তবে ভূরাজনৈতিক সংকটের কারণে এই হ্রাসের একটি অংশ ঘটছে। তাই একে টেকসই জলবায়ু সমাধান বলা যায় না।
‘বিশ্বে কার্বন নিঃসরণ দীর্ঘমেয়াদে কমাতে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ানো জরুরি’-মত এই গবেষকের।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে তেল থেকে কার্বন নিঃসরণ ১.৯ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস থেকে ০.৩ শতাংশ কমতে পারে। তবে কয়লা থেকে নিঃসরণ ০.৬ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে। ইরান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও তেলের বাজারে অস্থিরতা তেল ব্যবহার কমার পেছনে ভূমিকা রাখছে দাবি গবেষকদের।
সৌর ও বায়ুবিদ্যুতের অগ্রগতিও বৈশ্বিক নিঃসরণ কমাতে ভূমিকা রাখছে। ২০১০ সালে এসব উৎসের বিদ্যুৎ ব্যবহারের কারণে যে পরিমাণ কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হয়েছিল, তা ছিল ২৮ কোটি টন। ২০২৫ সালে তা বেড়ে ৪১০ কোটি টনে দাঁড়িয়েছে। ২০২৬ সালে এই পরিমাণ ৪৬০ কোটি টনে পৌঁছাতে পারে।
নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ নতুন জ্বালানি চাহিদা থেকে সম্ভাব্য কার্বন নিঃসরণের ৬৪ থেকে ৭৯ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ এবং বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে এড়ানো সম্ভব হতে পারে।
দেশভিত্তিক হিসাবে, বিশ্বের মোট জীবাশ্ম জ্বালানিজনিত কার্বন নিঃসরণের ৩২ শতাংশের জন্য দায়ী চীন। তবে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি সম্প্রসারণেও দেশটি সবচেয়ে এগিয়ে। ২০২৬ সালে চীনের কার্বন নিঃসরণ ০.৯ শতাংশ কমতে পারে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হ্রাসের পূর্বাভাস ১.৩ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ১.৫ শতাংশ।
অন্যদিকে, ভারতের কার্বন নিঃসরণ ৪.৪ শতাংশ বাড়তে পারে। গত এক দশকে দেশটির বার্ষিক গড় নিঃসরণ বৃদ্ধির হার ছিল ৩.৫ শতাংশ।
প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সময়সীমা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে বিশ্বের হাতে অবশিষ্ট কার্বন বাজেট মাত্র ১৫ হাজার কোটি টন। বর্তমান হারে নিঃসরণ চলতে থাকলে চার বছরেরও কম সময়ে এই বাজেট শেষ হয়ে যেতে পারে।
এদিকে, বন উজাড়সহ ভূমি ব্যবহারের পরিবর্তনজনিত কার্বন নিঃসরণ ২০২৬ সালে বেড়ে ৫১০ কোটি টনে পৌঁছাতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় পিটভূমিতে অগ্নিকাণ্ড এবং বনাঞ্চলের অবক্ষয় এর অন্যতম কারণ। চলতি বছর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব প্রতি মিলিয়নে ৪২৭ দশমিক ৭ অংশে পৌঁছাতে পারে, যা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
গবেষকদের মতে, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ায় অনেক দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রেখেও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হচ্ছে। তবে বৈশ্বিক নিঃসরণে স্থায়ী সর্বোচ্চ পর্যায় অর্জন এবং এরপর তা কমিয়ে আনতে সৌর ও বায়ুবিদ্যুৎ, ব্যাটারি এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও দ্রুত বাড়াতে হবে।



