ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বুধবার, আজও বৃষ্টির আভাস

ফাইল ছবি
রাজধানী ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।
বুধবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





