ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

ফাইল ছবি
রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। এদিন উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয় পূর্বাভাসে।



