স্বাস্থ্যের দাপ্তরিক পত্রে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

নজরুল বর্ষের লোগো
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ ও সম্মান জানাতে ২০২৬-২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার।
এ উপলক্ষে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্ব স্ব দপ্তর ও প্রতিষ্ঠানকে সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন মোহাম্মদ রুমী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযথ মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ২৫ মে ২০২৭ পর্যন্ত সকল দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা পাওয়া গেছে।
এর আগে গত ২ জুলাই প্রধানমন্ত্রী নজরুল বর্ষের নির্ধারিত লোগোর উদ্বোধন করেন। এরপর যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত দাপ্তরিক পত্রে নির্ধারিত ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহার করার নির্দেশ দিয়েছে।







