ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে; যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। সে জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
দুলু বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগ আছড়ে পড়ে। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, প্রশিক্ষণ ব্যক্তিকে পরিপূর্ণ করে, অভিজ্ঞ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্ত মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।





