অর্থনৈতিক নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে দেশটি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেছেন। ২৭ নভেম্বর ২০২৬ বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারিত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ বক্তব্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ও অভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমৃদ্ধির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় বাস্তবসম্মত ও কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, জার্মানিসহ দীর্ঘদিনের বিশ্বস্ত বৈশ্বিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়, মানব ও সামাজিক উন্নয়ন, মেয়েদের শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বৈশ্বিক পর্যায়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধের দেশগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সহযোগিতা উভয় পক্ষের জন্য লাভজনক ও পরিপূরক হতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার জনগণের স্বার্থকে কেন্দ্রবিন্দুতে রেখে কৌশলগত ভারসাম্যের মাধ্যমে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা বাংলাদেশকে অগ্রাধিকার নীতি বাস্তবায়ন করছে।
পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সজাগ রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গণতন্ত্র, বহুপক্ষীয় ব্যবস্থা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
বিশ্বমঞ্চে মানবিক সংকটের বিষয়ে বাংলাদেশের সোচ্চার অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার টেকসই প্রত্যাবাসন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
গোলটেবিল আলোচনায় থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। ক্রমবর্ধমান জটিল আর্থসামাজিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় বৈশ্বিক উত্তর ও দক্ষিণের দেশগুলোর মধ্যে এবং উভয় অঞ্চলের পারস্পরিক আন্তর্জাতিক অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তারা।




