ফল প্রকাশের সাথেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সরকার চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই চালু করছে। এবার শিক্ষার্থীরা ফল প্রকাশের সাথেই নতুন পাঠ্যবই পাবে।
আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘সরকার আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’
পরে কচুয়া পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং এবং কিডস কর্ণার’ ; কচুয়া উপজেলার ‘পরিদর্শন কক্ষ’; উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন মন্ত্রী।



