সারা দেশে ৪ দিন থাকবে গ্যাসের স্বল্পচাপ

প্রতীকী ছবি
মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ কমে যাবে। এ সময় সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত, অর্থাৎ ৪৪ ঘণ্টা টার্মিনালটির রিগ্যাসিফিকেশন (তরল এলএনজিকে গ্যাসে রূপান্তর) কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২ কোটি ঘনফুট কমে ৯২ কোটি থেকে ৬০ কোটি ঘনফুটে নামবে।
পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।
দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২৬৫ কোটি ঘনফুট, ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১১৫ কোটি ঘনফুট। এই সরবরাহের মধ্যে দুটি এলএনজি টার্মিনাল থেকে আসছে ৯২ কোটি ঘনফুট। সামিটের টার্মিনাল বন্ধ থাকলে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে গ্যাস সংকট আরও বাড়তে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে পেট্রোবাংলা।




