ঢাকা দক্ষিণ সিটির অবকাঠামো উন্নয়নে ৭১৪ কোটির প্রকল্প
- মোট বরাদ্দের মধ্যে সরকারি তহবিলের ঋণ ও অনুদান ৫০০ কোটি দক্ষিণ সিটির নিজস্ব তহবিলের ২১৪ কোটি টাকা
- রবিবার একনেকে উঠছে প্রকল্প প্রস্তাব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অবকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে সরকার। এজন্য ডিএসসিসির আওতাধীন প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে নেওয়া হচ্ছে ৭১৪ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প। এর আওতায় ২৮ দশমিক ৫ কিলোমিটার সড়ক, ৪৯ কিলোমিটার নর্দমা এবং ৪৮ দশমিক ৭ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। এ ছাড়া ৫ দশমিক ১৮ কিলোমিটার সড়কের মধ্যবর্তী বিভাজক বা মিডিয়ান সংস্কার করা হবে।
‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি আগামী ২৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুমোদন পেলে চলতি বছর কাজ শুরু করে ২০২৯ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ঋণ হিসেবে ২৯৯ কোটি ৯৯ লাখ ও অনুদান হিসেবে ১৯৯ কোটি ৯৯ লাখ টাকা দেওয়া হবে। বাকি ২১৪ কোটি ২৮ লাখ টাকা দেবে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা দক্ষিণ সিটির সড়ক, নর্দমা ও ফুটপাতের উন্নয়ন হবে। এতে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি নগরীর পরিবেশ ও বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়বে। এসব বিবেচনায় প্রকল্পটি একনেকে উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
তিনি জানিয়েছেন, এটিসহ ১৫টি উন্নয়ন প্রকল্প একনেকের সভায় অনুমোদনের জন্য তোলা হবে। এ ছাড়া অবগতির জন্য উপস্থাপন করা হবে আরও পাঁচটি প্রকল্প। এসব প্রকল্পের প্রতিটির ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেগুলো অনুমোদন দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধি এবং সাম্প্রতিক অতিবৃষ্টিতে রাজধানীর অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত নর্দমার অভাবে জলাবদ্ধতা বাড়ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের কারণে পথচারীদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশনের অঞ্চল ১ থেকে ৫-এর আওতাধীন ধানমন্ডি, নিউ মার্কেট, শাহবাগ, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের ব্যয়ের মধ্যে নর্দমা উন্নয়নে সবচেয়ে বেশি ৪৯৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সড়ক উন্নয়নে ১৪১ কোটি ২৭ লাখ, ফুটপাত উন্নয়নে ৪৬ কোটি ৬ লাখ এবং সড়কের মিডিয়ান সংস্কারে ২ কোটি ৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পভুক্ত এলাকাগুলোর সড়ক ও নর্দমার অবস্থা নাজুক হওয়ায় মাঝারি বৃষ্টিতেও জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া লিখিত মতামতে জানিয়েছেন, প্রকল্পের ব্যয় ৫০ কোটি টাকার বেশি হওয়ায় সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-২০২২ অনুযায়ী এটি একনেকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।



