বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, কথা বলবেন জয়শঙ্করের সঙ্গে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি জানিয়েছেন, এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আগামীকাল সোমবার কথা বলবেন।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জয়শঙ্করকে অবহিত করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরতে চান তিনি।
আজ রবিবার সন্ধ্যায় কলকাতার পিডব্লিউডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। আমি কালই জয়শঙ্করকে জানাব।’
উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দুই বাংলার দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
তার ভাষ্য, ‘পশ্চিমবঙ্গের অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে আছেন। ভাষা, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের কারণে দুই বাংলার মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ আছে। ফলে বাংলাদেশের অস্থিরতা এবং বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলছে। বাংলাদেশের পরিস্থিতি শুধু প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, পশ্চিমবঙ্গের বহু পরিবারের কাছেও উদ্বেগের কারণ।’
তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পররাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতি নতুন করে কূটনৈতিক গুরুত্ব পাচ্ছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিকদের মতে, এমন সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে শুভেন্দুর যোগাযোগের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেয়।




