ব্যাঙের ছাতার মতো ক্লিনিক নষ্ট করছে স্বাস্থ্যব্যবস্থাকে
- ড্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি

গ্রাফিকস: আগামীর সময়
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবসহ এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, যেখানে-সেখানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে নষ্ট করে ফেলছে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একটি প্রতিনিধিদল। ২০ সদস্যের এই দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। তাদের সঙ্গে আলাপে রাষ্ট্রপতি বললেন, ‘দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে— তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না।’



