যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
‘বিশ্বদরবারে দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও প্রস্তুতির পরিচয় তুলে ধরবে যৌথ মহড়া’ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এর সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।
সেনাপ্রধানকে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
মহড়া পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর সামরিক যান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, চালকের আসনে বসে প্রধানমন্ত্রী গাড়ি চালাচ্ছেন। পাশের আসনে রয়েছেন সেনাপ্রধান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। তারা বেশ কিছু সময় সামরিক যানটিতে ঘোরেন।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী
সারা দিন স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের সব কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে প্রধানমন্ত্রী ছুটে এলেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম চালান তিনি।
মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।
যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী।




