যুক্তরাষ্ট্রে হাতুড়িপেটায় খুন বাংলাদেশির বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটিতে হাতুড়িপিটায় খুন হওয়া বাংলাদেশি নারী ইয়াসমিন চৌধুরী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশি নারী ইয়াসমিন চৌধুরীকে (৪৮) হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান।
এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী।
নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের ছোট বোন। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে নিহতের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। একসঙ্গে আশ্বাস দিয়েছেন অপরাধীর দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের।
‘ফ্লোরিডার একটি গ্যাস স্টেশনে একজন নিরীহ নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই জানোয়ারকে ডেমোক্র্যাটদের শিথিল অভিবাসন নীতির কারণে এদেশে থাকার সুযোগ দেওয়া হয়েছিল’, পোস্টে তিনি এই ঘটনার দায় বিগত সরকারের ওপর চাপিয়েছেন।
নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প আরও বলেছেন, ‘দয়া করে এই নিরপরাধ নারীর পরিবারের জন্য প্রার্থনা করুন। এই মামলায় আমরা দ্রুত এবং কঠোর বিচার নিশ্চিত করব।’
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার একটি সিসিটিভি ফুটেজে যুক্ত করেছেন।
সেখানে দেখা গেছে, এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী হাতে বড় হাতুড়ি নিয়ে উপর্যুপরি আঘাত করছে ইয়াসমিনের ওপর। আঘাতে গুরুতর আহত অবস্থায় ইয়াসমিন লুটিয়ে পড়েন দোকানের সামনেই। অন্যদিকে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে ঘাতক।



