অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মানির বুন্ডেসটাগের উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের বৈঠক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।
বৃহস্পতিবার জার্মানির বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মানির বুন্ডেসটাগের উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময় কর্মসূচিতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।
বৈঠকে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।
জবাবে নিকোলাস জিপেলিয়াস আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।



