এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায় গুরুত্ব

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপরও জোর দেন তিনি।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা এবং কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।




