সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
আগামীর সময় প্রতিবেদক

স্বপন ভট্টাচার্য
সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
আজ রবিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছে ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



