বিদেশি কূটনীতিকদের সন্ত্রাসবিরোধী অবস্থান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে সরকার ও দেশের মানুষ একমত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছে।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সরকারের বিভিন্ন নীতিমালা, দেশের সামগ্রিক পরিস্থিতি, বিনিয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়।
ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, কূটনীতিকদের কাছে সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিমালা তুলে ধরা হয়েছে। বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি সরকারের নীতিমালা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও তাদের জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাসীদের মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের সঙ্গে উপস্থিত কূটনীতিকরা একমত পোষণ করেছেন। বাংলাদেশের মানুষও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করার বিষয় নয়। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, সরকার অত্যন্ত সহনশীল এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী। আমরা সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও দৃঢ়।
হুমায়ুন কবির বলেন, উন্মুক্ত সংলাপের মাধ্যমে সবার সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় সরকার। সাইবার আইন ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়েও কূটনীতিকদের আলাদা করে ব্রিফ করা হচ্ছে। এসব আলোচনায় সরকারের নীতিমালা ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হচ্ছে।
আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন দূতাবাসে কর্মরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, সরকারের বহুমুখী নীতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামনে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বছরের শেষ দিকে সব রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করা সম্ভব না হওয়ায় একসঙ্গে আলোচনার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাস পর বিভিন্ন বিষয়ে আজ কূটনীতিকদের সঙ্গে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ হয়েছে।
ব্রিফিংয়ে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো উদ্বেগ জানানো হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো বিষয় আলোচনার উদ্দেশ্য ছিল না। সরকারের নীতিমালা এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



