নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন, সমবেদনা জানালেন ড. খলিলুর রহমান

ফাইল ছবি
নেপালের আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি।
আকস্মিক এই বন্যাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে ড. খলিলুর রহমান বলেছেন, স্বজন হারানো পরিবারগুলোর প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনা রইল।
তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবিষ্যতে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে তিনি নেপাল সরকারের সহায়তা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপাল সরকার ও জনগণের পাশে পূর্ণ সংহতি প্রকাশ করছেন এবং নেপালের প্রয়োজনে বাংলাদেশ যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।
এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে উষ্ণ সংহতির এই নিদর্শনের জন্য নেপালি পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান। তিনি বলেছেন, নেপালের কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং এই গুরুতর পরিস্থিতির পূর্ণাঙ্গ পর্যালোচনার পর তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে, তারা নির্দিষ্ট চাহিদাগুলো সম্পর্কে আমাদের জানাবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন।






