তরুণ ও নারীদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : শামা ওবায়েদ

সংগৃহীত ছবি
দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, ‘তরুণ ও নারীদের সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই দেশের জনমিতিক লভ্যাংশের মূল চালিকাশক্তি।’
আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যাম্পাসে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন (আইজিসি) ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনএসইউর উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেছেন, ‘আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এই কৌশলগত অংশীদারত্ব শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোগকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার সরাসরি সুযোগ তৈরি করবে।’
সমঝোতা স্মারকে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সই করেন।
অনুষ্ঠানে ড. মাহবুব উল্লাহ বলেন, দেশে মেধাবীদের জন্য উপযুক্ত সুযোগ ও পরিবেশ তৈরি করা গেলে মেধা পাচার রোধ করা সম্ভব। আইজিসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এই অংশীদারত্ব তরুণদের নেতৃত্বে উদ্ভাবনের একটি কার্যকর পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মেধাবীদের বিদেশে যাওয়ার পেছনে যেসব তাড়নামূলক কারণ বা ‘পুশ ফ্যাক্টর’ কাজ করে, সেগুলোকে দেশের ভেতরেই ইতিবাচক সুযোগ-সুবিধা তৈরির মাধ্যমে প্রতিস্থাপন করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর ফলে বাংলাদেশে মেধা পাচারকে স্থায়ী মেধা সম্পদে বা ‘ব্রেইন গেইন’-এ রূপান্তর করা সম্ভব হবে।



