হোলি আর্টিজানের এক দশক
বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে?

গুলশানে প্রায় বারো ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান ঘটে সকালে এক কমান্ডো অভিযানের মাধ্যমে।
পহেলা জুলাই ২০১৬। ঠিক এক দশক আগে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিহত হন দু'জন পুলিশ সদস্য সহ অন্তত ২২জন।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় শেষ পর্যন্ত সৈন্যদের কমান্ডো অভিযানে নিহত হয়েছিলো পাঁচ হামলাকারী।
বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ওই ঘটনায় জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে যাদের নয় জন ইতালি, সাত জন জাপান, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় নাগরিক।
হামলার দায় স্বীকার করে ওই রাতেই বিবৃতি দিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তৎকালীন আওয়ামী লীগ সরকার আইএসের এই দাবি নাকচ করে দিয়ে বলেছিল, দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবি এই হামলার জন্য দায়ী।
ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলায় বহু বিদেশি নাগরিক নিহত হওয়ায় সেই ঘটনাটি বিশ্ব জুড়ে খবরের শিরোনাম হয়।
ওই ঘটনার পর জঙ্গি নির্মূলে একের পর এক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। হোলি আর্টিজানের ঘটনার পরের তিন বছরেই সারাদেশে অভিযানে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে অনেকেই নিহত হন, অভিযানে গ্রেফতারও হন অনেকেই।
গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত প্রায় দুই বছরে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি বা উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতার বিষয়গুলো সামনে আসছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সংশ্লিষ্টতায় আটক অনেকেই মুক্তি পায়। যে কারণে বর্তমানে আবারো বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড কিংবা তৎপরতা বেড়েছে।
গত দুই বছরে বাংলাদেশে জঙ্গি বা উগ্রবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতার বিষয়গুলোও আবারও সামনে আসছে।
বিশেষ করে ঢাকার রাস্তায় কালেমা লেখা পতাকা নিয়ে মিছিল, সম্প্রতি বিভিন্ন জায়গায় উগ্রবাদী সংগঠনগুলোর আদলে কলেমা লেখা পতাকা টানানো কিংবা জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ সতর্কতা ও নিরাপত্তা জারির বিষয়গুলোও নিয়েও নানা আলোচনা রয়েছে।
যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বর্তমানে বাংলাদেশে তেমন কোন জঙ্গি বা উগ্রবাদী সংগঠনের তৎপরতা নেই। যা ছিলও সেটিও কমে এসেছে অনেকাংশে।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট বা এটিইউ প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বিবিসি বাংলাকে বলেছেন, জঙ্গি বা জঙ্গিবাদী কোন কার্যক্রম এখন সেভাবে দেখতে পাচ্ছে না আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
এদিকে, হোলি আর্টিজান বেকারির ওই ঘটনার এক দশক পর ওই ঘটনায় অপরাধীদের বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের পরিবার।
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয় দু'জন পুলিশ সদস্য সহ অন্তত ২২জন, যাদের মধ্যে ছিলেন পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম।পহেলা জুলাই সন্ধ্যায় দেশি-বিদেশি বেশ কয়েকজন নাগরিক জিম্মি হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করে জঙ্গিরা। এতেই নিহত হন মি. ইসলাম।মি. ইসলাম যেদিন নিহত হন তার ঠিক একমাস পর ওই বছর পহেলা অগাস্ট জন্ম নেন তার মেয়ে কামরুন নাহার রাইনা।মি. ইসলামের স্ত্রী উম্মে সালমা বিবিসি বাংলাকে বলছিলেন, দশ বছর পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় আগের মতো সেই সম্মানটুকু এখন আর তারা পাচ্ছেন না।এর পেছনে অবশ্য একটি কারণও রয়েছে। ২০২৪ সালে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর ছড়িয়ে পরার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাস্কর্য, স্মৃতি স্তম্ভ ভাংচুরের ঘটনা ঘটে।ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি হয়েছিল ভাস্কর্য 'দীপ্ত শপথ'। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচই অগাস্টেই গুলশান থানা সংলগ্ন এই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছিল।হোলি আর্টিজানে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের ছোট ভাই শামসুজ্জামান শামস বিবিসি বাংলাকে বলছিলেন, "রাষ্ট্রের জন্য, পুলিশ বাহিনীর মর্যাদা জন্য জিম্মি উদ্ধার করতে গিয়ে রবিউল ইসলাম শাহাদাৎ বরণ করলো। তাদের সম্মানে স্মৃতি স্তম্ভ করা হয়েছিল সেটাও ভেঙে ফেলা হলো। গত বছর সেখানে পুলিশের পক্ষ থেকে কোন সম্মাননাও জানানো হলো না"।অন্যদিকে, এই মামলায় প্রথমে মৃত্যুদণ্ডের রায় পরবর্তীতে উচ্চ আদালতে সাজা কমানোর বিষয়গুলো নিয়েও পরিবারগুলোর মাঝে হতাশা রয়েছে।মি. শামস বিবিসি বাংলার কাছে অভিযোগ করেন, হোলি আর্টিজানের ঘটনায় বিচার নিয়ে এক ধরনের দীর্ঘসূত্রিতাও রয়েছে।







