সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় নুসরাতের, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সোমবার জমা পড়বে প্রতিবেদন

নুসরাত তাবাসসুম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: কোলাজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তদন্ত চলাকালে সংসদে দাঁড়িয়ে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ এবং আগুনের ঘটনাকে ‘শর্টসার্কিট’ হিসেবে উপস্থাপনের সমালোচনা করে নুসরাত বলেছেন, দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি কোনো চূড়ান্ত বক্তব্য দেননি, বরং প্রাথমিক ধারণার কথা জানিয়েছিলেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। পরে তার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্যে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ তুলে নুসরাত বলেন, ‘আমার বাড়িতে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরণের মতো দাউদাউ করে আগুন জ্বলে উঠেছে। বাড়ি থেকে নারীরা, বাচ্চারা দৌড়ে বের হয়ে আসছে। কিন্তু তখনো বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল।’
তিনি বলেন, ‘এটা খুব চাক্ষুষ একটা প্রমাণ, এরপরও সংসদে দাঁড়িয়ে যখন বলা হয় বাড়িটি পরিত্যক্ত কিংবা শর্টসার্কিটের ঘটনা। তদন্ত চলাকালীন এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।’
নিজের বসতবাড়িকে পরিত্যক্ত বলা নিয়ে ব্যক্তিগত কোনো দুঃখ নেই জানিয়ে নুসরাত বলেন, ‘আমার বসতবাড়িকে পরিত্যক্ত বলা হয়েছে এটা নিয়ে আমার দুঃখ নাই। আমার দুঃখ হচ্ছে সুস্পষ্ট ফুটেজ যদি সংবাদমাধ্যমের কাছে পৌঁছাতে পারে, তাহলে যারা তদন্ত করছিল তাদের কাছেও পৌঁছেছে এবং তারা দেখেছে।’
সংসদের সহকর্মীদের কাছ থেকে সহমর্মিতা প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই সংসদের সর্বকনিষ্ঠ সদস্য, আমি সহকর্মীদের কাছ থেকে এতটুকু সহমর্মিতা আশা করেছিলাম। এই সংসদের দায়িত্বশীল ব্যক্তি যখন দাঁড়িয়ে যিনি কিনা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সর্বোচ্চ ওপরে রয়েছেন। তিনি যখন তদন্ত চলাকালীন কোনো একটা রেজাল্ট বলে ফেলেন কিংবা কোনো একটি কথা বলে ফেলেন যেটা তদন্তে আসতে পারে। তখন সে বক্তব্য অনুযায়ী রিপোর্ট তৈরির একটা সম্ভাবনা থেকে যায়। তাই এ ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান আছি।’
নুসরাতের অভিযোগ, তদন্তের আলামত সংগ্রহের পর্যায়েই সংসদে দাঁড়িয়ে তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘শর্টসার্কিট’ এবং বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতায় দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্যের প্রভাব তদন্ত কর্মকর্তাদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী তদন্ত প্রতিবেদন তৈরির প্রবণতা তৈরি হলে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেতে পারে।
সন্ত্রাসীদের দায় স্বীকার ও হুমকির প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এসে কয়েকজন উল্লাসের সঙ্গে দায় স্বীকার করেছে। তাকে আগে ও পরে হুমকি দিয়ে বলা হয়েছে, তার ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। এরপরও তাদের প্রতি মানবতা দেখানো বা দায়মুক্তি দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি তার পরিপ্রেক্ষিতে একটি তথ্যবহুল বক্তব্য দিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে বিকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, তদন্ত কমিটিকে শুক্র ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। রবিবার তদন্তের মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল সোমবার কমিটি প্রতিবেদন জমা দেবে।
ঘটনার প্রাথমিক ধারণা তুলে ধরতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তিনি যা বলেছিলেন, তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত দেখতে পাননি। শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি। তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্তভাবে বলা সম্ভব, সেটিও তিনি স্পষ্ট করেছিলেন বলে জানান।
ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িতে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হননি, এমন কথা তিনি কখনো বলেননি। পরে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে। এসব বিষয় তদন্তের আওতাভুক্ত বলে জানান তিনি।
এ ছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতেও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তদন্ত প্রভাবিত করার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো স্টেটমেন্ট দেননি।’ একই সঙ্গে যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জান-মালের ওপর হামলার ঘটনা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
দুই পক্ষের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে। এটি কোনো অসংসদীয় কথা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান।







