সার ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

ফাইল ছবি
সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় সদস্যরা।
দফায় দফায় হট্টগোল ও উচ্চস্বরে চেঁচামেচিও হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আজ বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এমপিদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনের ডিলারশিপ পাওয়ার বিষয়টি সংসদের নজরে আনেন হাসনাত। অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ সংরক্ষিত আসনের এমপিদের বিরুদ্ধেও করেন তিনি। বিতর্কিত নিয়োগগুলো বাতিল করা হবে কি না কৃষিমন্ত্রীর কাছে জানতেও চাইলেন এই সংসদ সদস্য।
জবাবও দিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রীর দাবি, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে একাধিক কমিটির যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এমন কথা বলার পরপরই উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন বিরোধীদলীয় এমপিরা।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। ‘ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির’ তাদের মধ্যে ১০ জনের সঙ্গে দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগনের সম্পর্ক রয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকাকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট এলাকার দায়িত্ব দেওয়ার বিষয়টি ‘অসাংবিধানিক’ বলেছিলেন তৎকালীন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ ক্ষমতায় এসে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।
‘আওয়ামী লীগ সরকারের সময় যারা সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের আবারও ডিলারশিপ পাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার মতো নিয়ম মন্ত্রণালয় থেকে করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন’- উল্লেখ করেন হাসনাত।
এমপিদের পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত হওয়ার প্রবণতার তীব্র সমালোচনাও করলেন হাসনাত।
একজন নির্বাচিত জনপ্রতিনিধির ছেলে, স্ত্রী কিংবা আত্মীয়স্বজন সরকারি সুযোগ-সুবিধাসংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত হবেন, সেই সংস্কৃতি বন্ধ হবে কবে—সংসদের কাছে প্রশ্ন রাখেন হাসনাত।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।
মন্ত্রীর দাবি, বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগের আবেদন আহ্বান করা হয়। আবেদনের জন্য ছিল নির্দিষ্ট যোগ্যতা ও শর্তও। মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কমিটিগুলোকে এসব শর্ত ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা পড়ে। সেখান থেকে আবেদনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।
পরবর্তী ধাপে উপজেলা কমিটির সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। ওই কমিটি আবারও প্রস্তাবগুলো যাচাই করে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠায়। সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল বলে জানান কৃষিমন্ত্রী।
তবে মন্ত্রীর জবাব চলাকালে বিরোধী দলের সংসদ সদস্যরা একাধিকবার আপত্তি জানিয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো সংসদে।
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
এমন পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি নতুন মন্ত্রী, সাইড টকে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে।’
‘বক্তব্য অপছন্দ হলে বিরোধী সদস্যরা আবার প্রশ্ন করতে পারবেন, আবার জবাব দেব-তাও পছন্দ না হলে আবার প্রশ্ন করতে পারবেন’-বলছিলেন মন্ত্রী।
একপর্যায়ে ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, মন্ত্রীর যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা অধিবেশনে উপস্থিত না থাকায় বিরোধী দলের সদস্যদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব চিফ হুইপের ওপর রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
কৃষিমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে কিছু সময় উত্তেজনা অব্যাহত থাকে। পরে ডেপুটি স্পিকারের বারবার সদস্যদের আসনে বসার আহ্বান এবং হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।





