সংসদে সরব সরকার ও বিরোধীরা
অস্থিরতায় কঠোর হবে সরকার, বসে থাকবে না বিরোধী দল
- দু-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না-স্বরাষ্ট্রমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না- বিরোধীদলীয় নেতা

সংগৃহীত ছবি
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরব হয়েছে সরকার ও বিরোধী দল। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধী দল। তারা বলেছেন, বাস ভাঙচুর, এসবি সদর দপ্তর চত্বরে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রমাণ। অন্যদিকে সরকারি দল বলেছে, দেশে কোনো রকমের অস্থিরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন কিংবা দু-একটা ককটেল বিস্ফোরণের মতো সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না।
গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে এমন আলোচনা হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।’
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বললেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’
তিনি আরও বললেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এর দায় সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর।’ জামায়াতের আমির বলেছেন, ‘আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।’
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগের কথা তুলে ধরে তিনি বললেন, সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। এত ঘটনা ঘটার পর কাকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে— তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কয়েকজনকে সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।’
দেশে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকার পরও পরিস্থিতির অবনতি কেন ঠেকানো যাচ্ছে না— সেই প্রশ্ন তোলেন শফিকুর রহমান।
এ দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিবৃতি দাবি করেন বিরোধী দলের দুই নেতা। জামায়াত আমিরের আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই বিষয়ে সরকারের জবাব দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে গোপন হামলা চালাচ্ছে। ‘বাসে আগুন দেওয়া হচ্ছে, একজনের মারা যাওয়ার খবর আমরা শুনতে পেয়েছি। আজকে (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম, তাকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।’— বলছিলেন নাহিদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী শিবিরের দুই নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, ‘রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে কিংবা দু-একটা ককটেল বিস্ফোরণ হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দু-একটা সিম্বলিক ঘটনাকে একত্র করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলা হয়— আমার মনে হয় এটা যৌক্তিক না।’
তিনি বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি— সেই বিষয়ে যদি আমাকে স্টেটমেন্ট দিতে হয়, আমি আগামীকাল (বুধবার) দিই, ৩০০ বিধিতে দিই। আজ শুধু কয়েকটা কথা বললাম। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে ফিরে আসার সুযোগ সৃষ্টির চেষ্টা করা হলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না।



