চতুর্থ অধিবেশন আজ, সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে বসবে অধিবেশন। এ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি প্রশ্নসহ সংসদ সদস্যদের জন্য জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে হয় এসব সিদ্ধান্ত। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এ অধিবেশনে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন, এলপিজির দাম বৃদ্ধি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে পারে বিরোধী দল। সংবিধান সংস্কার ইস্যুতেও উত্তপ্ত হতে পারে সংসদ। তবে এ অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব উঠছে না। প্রস্তাব তৈরির কাজ করছে বিশেষ কমিটি। আগামী জানুয়ারিতে পঞ্চম অধিবেশনে তা উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, অধ্যাদেশ ও বিল সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবেন তারা। বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।



