সংসদে সংস্কৃতিমন্ত্রী
ভাটি অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেবে সরকার

নিতাই রায় চৌধুরী—ফাইল ছবি
দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি সংরক্ষণে সরকার পর্যায়ক্রমে জরিপ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেছেন, ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে সরকার গুরুত্ব দেবে। বিশেষ করে ভাটি অঞ্চল ও নদীমাতৃক বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ধারাগুলো সংরক্ষণে ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলছিলেন, ভালুকা উপজেলার ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক নিদর্শনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বছর থেকেই যাত্রাশিল্প, বাউলসংগীত, ভাটিয়ালি, মুর্শিদি, লালনসংগীত, রাধারমণ, হাছন রাজা, বিজয় সরকারের সংগীতসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভালুকার ঐতিহ্যও এ ক্ষেত্রে গুরুত্ব পাবে।
সংরক্ষিত নারী আসন-৪০-এর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংগীত, নাটক, সাহিত্য ও ডিজিটাল কনটেন্টের অনুমতিবিহীন ব্যবহার এবং কপিরাইট লঙ্ঘনের অভিযোগগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।



