সমাজকল্যাণমন্ত্রী
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের এগিয়ে নেবে বার্ডোর ডিজিটাল ব্রেইল প্রেস

ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (বার্ডো) অত্যাধুনিক ডিজিটাল ব্রেইল প্রেস স্থাপনের জন্য দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা ও দক্ষতা অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। এসময় বার্ডোর উন্নয়নে পাশে থাকার ঘোষণাও দিয়েছেন মন্ত্রী।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বুধবার বার্ডোর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। দিবসের প্রতিপাদ্য ছিল, ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী সচিব মো. কামরুজ্জামান (দুলাল), সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অধিশাখার পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান এবং সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও।
এ ছাড়া অনুষ্ঠানে বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক ও লেখিকা নাঈমা সুলতানাসহ মাসুদুল আলম, শাহিনা আউয়াল, এরশাদ আলী, আবদুল মান্নান, আজমেরী খানম নিশাত ও শাহরিয়া শাহাব পিংকীও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডোর সাধারণ পরিষদের সদস্য এরশাদ আলী এবং উপব্যবস্থাপক ফিরোজা খাতুন। বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির সহসভাপতি জাহাঙ্গীর আলম।
সভাপতির বক্তব্যে বার্ডোর সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোশাররফ হোসেন মজুমদার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সাদাছড়ির পাশাপাশি গাইড হিসেবে মানবসম্পদ ব্যবহার করা হয়। যারা নতুন করে দৃষ্টিশক্তি হারান, তাদের মনোবল বাড়ানো এবং সাদাছড়ি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ বিষয়ে সচেতনতা বাড়াতে নতুন নতুন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের ওপরও তিনি গুরুত্ব দেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। র্যালিতে সংস্থাটির কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের সদস্য, কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।



