নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নরওয়ে

বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন—নরওয়ে দূতাবাসের উপ-মিশন প্রধান আলেকজান্ডার ফাল্ক-বিলডেন এবং দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সায়েদ মুনতাসির বায়েজীদ।
নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্রভিত্তিক অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। এ সময় বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনতে, বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণে দক্ষতা বৃদ্ধি এবং সিস্টেম-ক্ষতি কমাতে বিদ্যুৎ পরিমাপ পরীক্ষণে নরওয়ে সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
এছাড়া সমুদ্রভিত্তিক জ্বালানি নিলামে অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগসহ বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের চলমান অংশগ্রহণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রূপরেখা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।’
রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা, বিশেষত সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে নরওয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে আরও সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতে আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






