বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এ টি এম আব্দুল বারী ড্যানী
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এ টি এম আবদুল বারী ড্যানী। বৃহস্পতিবার তাকে গ্রেড-২ পদমর্যাদায় ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব মো: গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন, ২০১৫ এর ধারা ৭(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করতে হবে।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।




