আহত তিন বিজিবি সদস্যকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার হাসপাতালে গিয়ে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।
ইটের আঘাতে লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। একই ঘটনায় সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায়। তার ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি আরও জানায়, দুই ঘটনায় হামলার শিকার হলেও বিজিবি সদস্যরা সরকারের নির্দেশনা অনুসরণ করে ধৈর্য, সংযম ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিজেদের নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জান-মালের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকারের নির্দেশনা মেনে সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।



