পঞ্চগড়ে আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ ও বৃক্ষ বিতরণ

শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে পঞ্চগড়ে কলেজশিক্ষার্থীদের ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ শেষ হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও গাছের চারা বিতরণ এবং দুই কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে প্রশিক্ষণের সমাপনী আয়োজন করা হয়।
একই দিন বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলকে পাঁচ হাজার টাকা এবং রানার্সআপ দলকে তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সুস্থ ক্রীড়াচর্চা এবং মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা হচ্ছে।
আয়োজনে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও দর্শকেরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



