বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার অর্থদাতা মতিউর

গ্রাফিকস: আগামীর সময়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের অর্থদাতা মতিউর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মতিউর রহমান উত্তরার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গার ঘাটরা গ্রামের আমিন মাদবরের ছেলে।
পুলিশ জানিয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ২০২৫ সালের ১৪ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়েছিল। মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়া তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করতেন।
আজ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তের প্রয়োজনীয় স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।



