আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ ক্লাস নিলেন মহাপরিচালক

সংগৃহীত ছবি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগদান করা ২৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৯০ মিনিটের এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্লাসে গ্রামীণ অর্থনীতি সচল রাখা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং তৃণমূল মানুষের কাছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি
এ সময় গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে সময়মতো ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিষয়েও আলোচনা করেন তিনি।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।



