হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান

সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর নবনিযুক্ত প্রতিনিধি দলের প্রধান সেভাল গুজেলকিলিনচ। আজ প্রতিমন্ত্রীর দপ্তরে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।
এ সময় আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের স্বীকৃতি দেন। চলতি বছরের জুলাইয়ে হওয়া বন্যা ও ভূমিধ্বসের সময় আইএফআরসির দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও আগাম পদক্ষেপ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে ভূমিকা রাখতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এই সংকট সমাধানের একমাত্র কার্যকর সমাধান।
বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন গুজেলকিলিনচ। সেইসঙ্গে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।



