বিবিএসের জরিপ
দেশে উচ্চ রক্তচাপে ২০২৪ সালে মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার

ছবি: আগামীর সময়
উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছে দেশ। উচ্চ রক্তচাপজনিত অসুস্থতায় ২০২৪ সালে মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে বিআইপি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।
সেমিনারে জানানো হয়, ডব্লিউএইচও’র ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী— বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্তদের অর্ধেকই (৫৩ শতাংশ পুরুষ, ৪৫ শতাংশ নারী) জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। এতে আক্রান্ত মাত্র ৩৯ শতাংশ রোগী চিকিৎসা নেন। নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন মাত্র ১৬ শতাংশ মানুষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০২৪ সালে বাংলাদেশে ২ লক্ষ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে ৫২ শতাংশের (৪৮ শতাংশ পুরুষ, ৫৬ শতাংশ নারী) মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ।
অন্যদিকে ‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১৭-১৮’ অনুযায়ী, ২০১১ থেকে ২০১৭-১৮ সালের মধ্যে ৩৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে পুরুষের মধ্যে ২০ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে এবং নারীর ক্ষেত্রে এই হার ৩২ শতাংশ থেকে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।
অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে এমন নারী এবং পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার হার যথাক্রমে ৪৯ শতাংশ এবং ৪২ শতাংশ। তবে স্বাভাবিক ওজনের নারী এবং পুরুষের মধ্যে এই হার যথাক্রমে ২৫ শতাংশ এবং ২৪ শতাংশ।
গবেষণার ফলাফল অনুযায়ী, প্রতি ১০টি স্বাস্থ্য কেন্দ্রের ৭টিতে উচ্চ রক্তচাপজনিত চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র ১৭ শতাংশ স্বাস্থ্য কেন্দ্রে। প্রশিক্ষিত কর্মী রয়েছে মাত্র ২৯ শতাংশ স্বাস্থ্য সেবা কেন্দ্রে।
গ্লোবাল বারডেন অফ ডিজিজ স্টাডির (জিবিডি) তথ্য বলছে, বাংলাদেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ। সার্বিকভাবে বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মত জিবিডির।
বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় সরকারিভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ওষুধ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) ও এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডসহ (ইডিসিএল) সংশ্লিষ্ট সংস্থা কাজ শুরু করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইউকিউবেটর ইউএসএ এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউরিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েন। এতে বক্তব্য রাখেন গ্রোবার হেলথ অ্যাডভোকেসি লিড রুহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামিয়া ও প্রজ্ঞার কর্মসূচী প্রধান হাসান শাহরিয়ার।



