টিআইবি
উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর

গ্রাফিকস: আগামীর সময়
ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘একজন প্রকৌশলীর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে উপহার দিলে তা গ্রহণে বাধা নেই।’
তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি সংস্থাটি বলেছে, ‘উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
অবিলম্বে প্রতিমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা এবং প্রতিমন্ত্রী ও এ বক্তব্যের পেছনে যে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে তাদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘‘কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন?’’
এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।’
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের ঝুঁকি তুলে ধরে ড. জামান বলেন, ‘যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তার নিরপেক্ষতা থাকবে কীভাবে? এমন লেনদেন তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন করতে পারে।’
প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বাস্তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিবের যোগসাজশমূলক দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কি-না, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মঘাতী। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।’
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেনের ঘোষণার কথা সরকারকে মনে করিয়ে দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারের দায়িত্বশীল অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত তা সরকারকে বুঝতে হবে।’
ঠিকাদারের ‘উপহার’ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। এ ছাড়া, সরকারের প্রতি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাসহ জবাবদিহি এবং তার বক্তব্যে উল্লিখিত সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাইসাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা
এদিকে, টিআইবির এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ বুধবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করেছে টিআইবি, যা অসত্য এবং বিভ্রান্তিকর।
এতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নব নিয়োগকৃত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়ন কাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। কাজের গুণগত মান রক্ষা করে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই সেখানে উৎসাহিত করা হয়েছে। সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে পিপিআর ও পিপিএ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, একটি মহল বিভিন্ন প্রচারমাধ্যমে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই। তথাপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে তার আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং তিনি সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন। একই সঙ্গে এই বক্তব্যগুলোর সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেছেন।



