অক্টোবরেও নির্যাতনের শিকার ২৪০ নারী
- ধর্ষণের শিকার ৫১
- তিন জনকে ধর্ষণের পর হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
ঘরে-বাইরে, কর্মস্থলে কিংবা পথে, কোথাও যেন নিরাপদ নয় নারী ও শিশুরা। ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, অপহরণ থেকে শুরু করে নানা ধরনের সহিংসতার শিকার হতে হচ্ছে তাদের।
বাংলাদেশ মহিলা পরিষদের এক মাসের পরিসংখ্যানেই উঠে এসেছে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার উদ্বেগজনক চিত্র।
চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। আর বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২ জন নারী ও কন্যাশিশু।
আজ রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। নির্যাতনের শিকার ২৪০ জনের মধ্যে ১০৯ জন কন্যাশিশু এবং ১৩১ জন নারী।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জন কন্যাশিশু ও ১৭ জন নারী। তাদের মধ্যে ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ছয়জন কন্যাশিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে, যাদের দুজনই কন্যাশিশু। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২১ জনকে। তাদের মধ্যে ১৭ জনই কন্যাশিশু।
অক্টোবর মাসে বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে সাতজন কন্যাশিশু ও ৩৫ জন নারী। এ ছাড়া ২৮ জনের রহস্যজনক মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন কন্যাশিশু ও ২৩ জন নারী। একই সময়ে আত্মহত্যা করেছেন ১৭ জন। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশু ও ১১ জন নারী। আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন সাতজন, যাদের মধ্যে দুজন কন্যাশিশু।
অক্টোবর মাসে যৌন নিপীড়ন ও সাইবার সহিংসতার শিকার ২১ জন। তাদের মধ্যে ১৫ জন কন্যাশিশু ও ছয়জন নারী। এর মধ্যে যৌন নিপীড়নের শিকার হয়েছেন নয়জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন আরও নয়জন। উভয় ক্ষেত্রেই সাতজন করে কন্যাশিশু রয়েছে। এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন তিনজন, যাদের একজন কন্যাশিশু।
অক্টোবর মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতজন। তাদের মধ্যে ছয়জনকেই হত্যা করা হয়েছে। এ ছাড়া এসিডদগ্ধ হয়েছেন একজন এবং অগ্নিদগ্ধ হয়েছেন চারজন। অগ্নিদগ্ধদের মধ্যে তিনজন কন্যাশিশু।
পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন নারী। এ ছাড়া পৃথক ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আটজন। তাদের মধ্যে দুজন কন্যাশিশু। এছাড়া অক্টোবর মাসে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে, যাদের মধ্যে নয়জন কন্যাশিশু। পাচারের শিকার হয়েছেন দুজন, তাদের একজন কন্যাশিশু।




