বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার

গ্রাফিকস: আগামীর সময়
সারা দেশে চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে অন্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ বলছে, এ সময়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান, ১৮টি রিভলভার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং একটি পেনগান।
এ ছাড়া ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ এপ্রিল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ১ মে থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দেশব্যাপী সমন্বিত সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, এ অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।




