এসএসসির রুটিনে পরিবর্তন আসতে পারে : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় কিছু আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এটি মূলত স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যেহেতু কথা উঠছে, তাই প্রয়োজন হলে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আবারও আলোচনায় বসে নতুন তারিখ নির্ধারণ করব।’
‘২০২৭ সালের পবিত্র রমজান মাসকে সামনে রেখেই মূলত পরীক্ষা এক মাস এগিয়ে আনা হয়েছিল। আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা নিতে। কিন্তু রমজানের কারণে রুটিন মেলাতে গিয়ে দেখা গেল ৭ তারিখে শুরু না করলে পরীক্ষা রোজার ভেতরে ঢুকে যায়। না হলে পরীক্ষা আবার রোজার পরে নিয়ে যেতে হতো,’ যোগ করেন তিনি।
মন্ত্রী আরও বলেছেন, ‘স্টেকহোল্ডাররাও এতদিন মনে করেছিলেন রোজার আগেই পরীক্ষা শেষ হওয়া ভালো। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে রুটিনও প্রকাশ করেছিলাম। এখন শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’




