সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহর মৃত্যু

এ কে এম রহমতুল্লাহ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা এ সংসদ সদস্য মারা যান আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে।
রহমতুল্লাহর ভাগনে ফারুক হোসাইন একটি সংবাদমাধ্যমকে জানান, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।
আজ বিকাল ৪টায় জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে বলেও জানান ফারুক।
সাবেক এই সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ছয়বারের এই সংসদ সদস্য ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে তৎকালীন ঢাকা-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ।২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১০ আসন থেকে, ২০১৪ ও ২০১৮ সালে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন। একই আসন থেকে ২০২৪ সালেও সংসদ সদস্য হন তিনি।




