মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
দুদেশের সম্পর্ক জোরদারে কাজ করার অপেক্ষায় রয়েছি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে মির্জা ফখরুলের সফল মেয়াদ কামনা করে তিনি বলেছেন, দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
দ্রৌপদী মুর্মু বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তার সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী।
‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক রয়েছে। অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্বের ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত’— যোগ করেন দ্রৌপদী মুর্মু।
সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি— উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনাও করেন ভারতের রাষ্ট্রপতি।







