কর্মশালায় বিশেষজ্ঞরা
হৃদরোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ

ফাইল ছবি
দেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি বাড়ছে। ২০২৪ সালে দেশে হৃদরোগে মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, বর্ধিত স্বাস্থ্য বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে অকালমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা ও করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরেন বক্তারা।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোয় বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেছেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম ও বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)-এর আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
এ ছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।



