ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট ১৭৬ জন মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৬ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ৪০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৫২ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও উল্লিখিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, গতকাল ১ হাজার ৭৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন অন্তত ৭ জন।



